ভারতে গণপিটুনিতে বাংলাদেশি নিহত আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামে বদরুদ্দিন ওরফে জসিম (৩৯) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত অন্য দুজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে নদীয়ার কারাগারে পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বদরুদ্দিন মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের কোলনীপাড়া এলাকার বাসিন্দা। মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, তাঁর সঙ্গে ভারতের নদীয়া জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষের (আইপিএস) কথা হয়েছে। ময়নাতদন্ত, সুরতহাল প্রতিবেদন ও মামলা দায়ের শেষে ইমিগ্রেশনের মাধ্যমে লাশ হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে।
বদরুদ্দিনের ছেলে ইয়াসিন আলী জানান, রোববার ভোরে তাঁর বাবা বদরুদ্দিন, চাচা কুদ্দুছ শেখ ও মেহেরপুর শহরের একজনসহ মোট তিনজন মিলে মুজিবনগর সীমান্তের ১০৭, ১০৮ মেইন পিলারের মাঝ দিয়ে ঢুকে ভারতের সুরুটিয়া মাঠ অতিক্রম করে কৃষ্ণনগর গ্রামে পৌঁছান। তাঁরা গরু ব্যবসার পাওনা টাকা আদায় করতে ভারতে গিয়েছিলেন। সেখানে পাওনাদারদের উসকানিতে লোকজন তাঁদের পিটুনি দেয়।