পরিবারের ওপর অভিমান করে নিশান আলী (১১) নামের এক শিশু ভারতগামী একটি ট্রাকে করে ভারতে যায়। পরে ভারতের পুলিশ নিশানকে আটক করে শিশু শোধনাগারে পাঠায়। আট মাস আটক থাকার পর গতকাল বুধবার সে পরিবারের কাছে ফিরে এসেছে।
বাংলাদেশ জাস্টিস অ্যান্ড কেয়ার ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় মূলত নিশান গতকাল পরিবারের কাছে ফিরে আসে।
নিশান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভোয়ালবাড়ি গ্রামের জাভেদ আলীর ছেলে। সে স্থানীয় ছত্রজিৎপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
নিশান বলে, পরিবারের ওপর রাগ করে আট মাস আগে সোনামসজিদ স্থলবন্দরের ভারতগামী একটি ট্রাকে করে সে ভারতে যায়। পরে সেখান থেকে দিল্লি গেলে পুলিশ তাকে আটক করে শিশু শোধনাগারে পাঠায়।
ভারতের বালুরঘাটের চাইল্ডলাইন শোভায়নহোমের কো-অর্ডিনেটর সুরুজ দাশ বলেন, গত আগস্ট মাসের দিকে দিল্লিতে রেলওয়ে পুলিশ নিশানকে আটক করে সুভাষচিকা নামের একটি শিশু অবজারভেশন হোমে পাঠায়। দীর্ঘদিন আটক থাকার পর বাংলাদেশ জাস্টিস অ্যান্ড কেয়ার ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে গত ১১ এপ্রিল শিশুটিকে বালুরঘাট চাইল্ডলাইন শোভায়নহোমে নিয়ে আসা হয়ে। গতকাল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশ কেন্দ্রের ওসি নাজির হোসেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামানের হাতে শিশুটিকে তুলে দেন।