ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। হিমাচল প্রদেশ রাজ্যে চীনের তিব্বত সীমান্তের লাহাউল স্পিতি এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ সোমবার ভারতের দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লাহাউল স্পিতির পুলিশ সুপার রমন কুমার মিনা বলেন, ওই বাংলাদেশির নাম মোহাম্মদ মুস্তাফ হোসাইন। ৪ মে ওই এলাকার ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ফাঁড়ির কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুস্তাফের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে তিনি কোনো কথাই বলেননি। এ কারণে পুলিশ তাঁকে প্রাথমিকভাবে মানসিকভাবে অসুস্থ বলে বিবেচনা করে। পুলিশ কর্মকর্তা মিনা বলেন, ‘হোসাইন গত শনিবার নিজেকে বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দেন।’ স্থানীয় একটি আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, প্রশিক্ষিত গুপ্তচর বলে মনে হওয়ায় তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৩ ও ১২৪-এর এ ধারায় মামলা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলেছে, ‘হোসাইন হিন্দি, ইংরেজি ও বাংলায় অনর্গল কথা বলতে পারেন। তাঁর কাছ থেকে বাংলাদেশে তৈরি একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।’

সূত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পাওয়ামাত্র হোসাইন সিম ও মেমোরি কার্ড ভেঙে ফেলেন। ওই মুঠোফোন বাদেও তাঁর কাছ থেকে দুই কেজি আটা ও চার বোতল টমেটো সস উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, হোসাইন তিব্বত থেকে হেঁটে হিমাচল প্রদেশে প্রবেশ করেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।