ভারতে পাচারের সময় দুই শিশুসহ ১০ জন গ্রেপ্তার
সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে দুই শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গতকাল রোববার ভোরে সদর উপজেলার বৈকারি ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি বৈকারি ক্যাম্পের হাবিলদার অহিদুল ইসলাম জানান, একটি চক্র অবৈধভাবে কয়েকজনকে ভারতে পাচার করতে বৈকারি সীমান্তের ছয়ঘরিয়া বেড়ির ওপর জড়ো করেছে, এমন খবর পেয়ে বিজিবির টহল দলের সদস্যরা দুজন শিশুসহ ১০ জনকে আটক করে। পরে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলবুনিয়া গ্রামের সাদেক হোসেন, তাঁর স্ত্রী লায়লা বেগম, ভাই মাহমুদ আলী, মাহমুদের স্ত্রী আয়শা বিবি, হাবিবুর রহমান, সালামোতুল্লাহ, মুছা তাছরিন বেগম, হাসিনা বেগম, তাঁর ছেলে মো. সমীর ও মেয়ে ছামিরা বেগম। সাদেক হোসেন ও হাবিবুর রহমান জানান, ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মাথাপিছু ৩০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজারের লতিফুর রহমান শেখ তাঁদের ভারতে নিয়ে যাচ্ছিলেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে সাতক্ষীরা ৩৮ বিজিবি বৈকারি ক্যাম্পের হাবিলদার অহিদুল ইসলাম বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার অভিযোগে উপরিউক্তদের নামে মামলা করেছেন।