ভারতে পাচারের সময় পাঁচ নারীকে উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা এলাকা থেকে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতে পাচারের সময় পাঁচ নারীকে উদ্ধার করা হয়েছে। এ সময় তিন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের জাকির হোসেন, দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আবদুল গফফার ও গোপালগঞ্জ জেলা সদরের সাইফুল মোল্লা। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ নাসির উদ্দীন জানান, দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে পাচারের উদ্দেশে পাঁচ নারীকে বৈচনা এলাকার একটি বাগানবাড়িতে এনে রাখা হয়। পুলিশ অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে পাঁচ নারীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। তাঁদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া নারীরা জানান, সাইফুল মোল্লা তাঁদের ভালো চাকরি দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা করে নিয়ে জাকির হোসেন ও আবদুল গফফারের মাধ্যমে ভারতে নিয়ে যাচ্ছিলেন।