ভারতে পাচারের সময় ১৬ কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে আজ শুক্রবার ১৬ কেজি ৩১৬ গ্রাম সোনার বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ৬ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

আটক ব্যক্তির নাম আলিউজ্জামান (২৮)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকার শফিকুল ইসলামের ছেলে।
আজ বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ১৪০টি সোনার বারসহ আলিউজ্জামানকে আটক করেন। সে সময় তাঁর মোটরসাইকেলটি জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে একটি বড় সোনার চালান পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সদর উপজেলার তলুইগাছা বিজিবি ক্যাম্পের সামনে হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল দিতে থাকেন। বেলা ১১টার দিকে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল যেতে দেখে সেটি থামানো হয়। তল্লাশির জন্য মোটরসাইকেলসহ আলিউজ্জামানকে ক্যাম্পের ভেতরে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে এবং বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১৬ কেজি ৩১৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩৪ লাখ টাকা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।