ভারতে পালিয়ে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পালিয়ে যাওয়ার সময় দিনাজপুর বিরল উপজেলার বনগাঁও সীমান্ত থেকে ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূর ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার এড়াতে তিনি গতকাল সোমবার ওই সীমান্ত দিয়ে ভারত যাচ্ছিলেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সরকার প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান নূর ইসলাম উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে অস্ত্র চোরাকারবারি, মাদক ব্যবসা ও হত্যার অভিযোগে একাধিক মামলা আছে। এসব মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। ৮ মে তাঁকে ধরতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে তাঁর ভাই ও সমর্থকদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিন পুলিশ আহত হয়েছেন। ওই ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর চেয়ারম্যান গা-ঢাকা দেন।

গ্রামবাসীরা জানান, চেয়ারম্যান নূর ইসলামের বাড়ি বিরল উপজেলার বনগাঁও সীমান্ত এলাকায়। তাঁর অবস্থান ও ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা জেনে গতকাল সকালে পুলিশ তাঁর বাড়ি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যান কৌশলে বাড়ি থেকে বেরিয়ে সীমান্তে চলে যান। খবর পেয়ে পুলিশও তাঁর পেছনে ছোটে। সীমান্ত পার হওয়ার সকাল ১০টার দিকে মুহূর্তে পুলিশ তাঁকে ধাওয়া করে। দুই মিনিট দেরি করলেই তাঁকে ধরা যেত না।

বিরল থানাহাজতে ইউপি চেয়ারম্যান নূর ইসলাম জানান, তিনি বিরল উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা। তিনি ইচ্ছা করলে অনেক আগেই ভারতে পালিয়ে যেতে পারতেন। কিন্তু জমি নিয়ে বিরোধের জের ধরে পরিবারের সদস্যরাই পুলিশকে তাঁর অবস্থানের খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।

বিরল থানার ওসি আবদুল হাই সরকার জানান, গ্রেপ্তারের পর দুপুরে চেয়ারম্যানকে দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। চেয়ারম্যানের পক্ষে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।