ভারতে বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি সীমান্তের ভারতীয় অংশের নদী থেকে কালাম মিয়া (২৭) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় পুলিশ গতকাল বুধবার লাশটি উদ্ধার করে।
কালামের বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব বটুলি গ্রামে। গতকাল বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।
বিজিবি, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে কালাম গরুর ব্যবসা শুরু করেন। গত সোমবার রাতে তিনি বাড়ি থেকে বের হন। পরে আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এ ব্যাপারে কালামের স্ত্রী রেজিয়া বেগম গতকাল দুপুর ১২টার দিকে জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বেলা একটার দিকে স্থানীয় লোকজন বটুলি সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার জলাবাজার এলাকায় জুড়ী নদীতে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনেরা সেখানে ছুটে গিয়ে লাশটি কালামের বলে শনাক্ত করেন।