ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ
ভারতের মুম্বাইয়ের কল্যাণ রেলস্টেশনের কাছে এক বাংলাদেশি নারী গণধর্ষণের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর পিটিআইয়ের।
কল্যাণ-কোলশেবাদী থানার সহকারী পরিদর্শক ভি এস পাওয়ার জানান, ২০ বছর বয়সী ওই নারীর বাড়ি বাংলাদেশের যশোরে। তাঁকে চার-পাঁচ বছর আগে মিঠুন চক্রবর্তী নামের এক ব্যক্তি মুম্বাই নিয়ে যান। পরে তাঁকে জিজু নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তখন থেকে জিজুর সঙ্গে কল্যাণ রেলস্টেশনের কাছে বস্তিতে থাকতেন। একপর্যায়ে জিজু ও অন্য এক ব্যক্তি তাঁকে যৌনকর্মীর কাজ করতে বাধ্য করেন। ১০ মে রাতে তিন-চারজনের একটি দল তাঁকে কল্যাণ রেলস্টেশনের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বেদম পিটিয়ে সংজ্ঞাহীন অবস্থায় পাঠানকোট এক্সপ্রেস ট্রেনে তুলে দেয়। পরদিন ভোপাল স্টেশনে কয়েকজন যাত্রী তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। ১৩ মে ভোপালের পুলিশ তাঁর জবানবন্দি রেকর্ড করে মুম্বাই রেলওয়ে পুলিশকে এ বিষয়ে অবহিত করা হয়। পরে কল্যাণ স্টেশনের পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত চলছে।