ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন সোহেল মাহফুজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল মাহফুজ
সোহেল মাহফুজ

গুলশানের হোলি আর্টিজানে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া সোহেল মাহফুজকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ও ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনআইএ) কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন। দুটি দলের মধ্যে এসটিএফের তিন সদস্য এখন ঢাকায় অবস্থান করছেন। আর এনআইএর কর্মকর্তারা আজ আসবেন বলে জানা গেছে। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে দুটি দলই সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবে।

২ অক্টোবর, ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে বোমা বানানোর সময় দুজন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় সোহেল মাহফুজ হলেন ফেরারি আসামি। মামলার অভিযোগপত্রে তাঁর নাম রয়েছে। ভারতে সোহেল মাহফুজ হাতকাটা নাসিরুল্লাহ নামে পরিচিত ছিলেন। তাঁকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল কলকাতা পুলিশ।

পুলিশ সদর দপ্তরের কাউন্টার টেররিজমের ফোকাল পয়েন্ট মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, জঙ্গিবাদ দমনে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের তিন কর্মকর্তার সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। তাঁরা পশ্চিমবঙ্গে জেএমবির তৎপরতা প্রসঙ্গে কথা বলেছেন। দুই পক্ষের মধ্যে এ-সংক্রান্ত তথ্যবিনিময় হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পাশাপাশি ভারতের কোথায় কোথায় জেএমবির তৎপরতা আছে, তারা কতটা সংগঠিত, আক্রমণের লক্ষ্যবস্তু কী ইত্যাদি বিষয় নিয়ে এসটিএফ সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবে। এসটিএফকে বাংলাদেশ পুলিশ ভারতে পালিয়ে থাকা জঙ্গিদের একটি তালিকা হস্তান্তর করেছে।

ওই কর্মকর্তা বলেন, সোহেল মাহফুজ মূলত ভারত থেকে বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদের উপকরণ সংগ্রহের কাজ করতেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের পুলিশ অস্ত্র ও গোলাবারুদের জোগানদাতার নাম পেয়েছে। এই নামগুলো ও তাদের ভূমিকা সম্পর্কে ভারতীয় পুলিশকে প্রাথমিক তথ্য সংগ্রহের অনুরোধ করেছে বাংলাদেশ। এরপর বাংলাদেশ থেকে একটি দল জিজ্ঞাসাবাদের জন্য ভারতে যাবে।

৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে সোহেল মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম গত শনিবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেন, ২০০৬ সালে বাংলাদেশে জঙ্গিদের ধরপাকড় শুরু হলে সোহেল মাহফুজ ভারতে পালিয়ে যান। সেখানকার পুলিশ ২০১৪ সালে পুরস্কার ঘোষণার পর তিনি বাংলাদেশে চলে আসেন। বেশির ভাগ সময় তিনি সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। সোহেল মাহফুজ ভারতে জেএমবির আমির ছিলেন বলেও জানান মনিরুল ইসলাম।