ভারতের জাতীয় প্রতীক ব্যবহার করে ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের ফেসবুক পেজে ভারতের জাতীয় প্রতীক ব্যবহার করে অবৈধ ব্যবসা করার অভিযোগে মিয়াদ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রূপনগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সূত্র জানায়, গত ৩ আগস্ট ঢাকায় ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ফেসবুক পেজে ভারতের জাতীয় প্রতীক (অশোকস্তম্ভ) ব্যবহার করে তাঁদের সে দেশের সরকারের প্রতিনিধি দাবি করে অবৈধ ব্যবসা চালাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সিআইডি অভিযোগের তদন্ত শুরু করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ডিসেম্বর সিআইডি শফিকুল আলম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করে এবং তাঁর বিরুদ্ধে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে খিলগাঁও থানায় মামলা করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরপুর ২ নম্বর সেকশনের জি/১ ব্লকে থাকেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, গত জুলাই থেকে মিয়াদ তাঁর নিজের কম্পিউটারের মাধ্যমে এবিসি ইন্ডিয়া ভিসা প্রসেসিং ঢাকা নামে ফেসবুক পেজে অশোকস্তম্ভ অবৈধভাবে ব্যবহার করে প্রতারণামূলক ব্যবসা করছিলেন।