ভারতের ৫ শিশু উদ্ধার, সন্দেহভাজন পাচারকারী দম্পতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ৫ শিশু উদ্ধার
ভারতের ৫ শিশু উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকা থেকে ৫ ভারতীয় শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাচারকারী সন্দেহে রেহানা বেগম ও বাহার উল্লাহ নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে পাঁচ শিশুকে নিয়ে সন্দেহজনক ঘোরাফেরার সময় রেহানাকে (৫৫) আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর স্বামী বাহারকে (৬০) আটক করা হয়। আটক দম্পতির বাড়ি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া শিশুরা হচ্ছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাধাকৃষ্ণপুর থানার উদয়পুর এলাকার স্কুলছাত্র আবির চৌধুরী (১২), শাহীন (৯), নাছরিন (৬), তিকন চৌধুরী (৩) ও নাহিদ হোসেন (আট মাস)।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল শনিবার রাত আটটার দিকে রেহানা বেগম বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ওই পাঁচ শিশুকে নিয়ে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা ওই নারীকে শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হয়। বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে জানালে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে। শিশু আবির চৌধুরীকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে ভারত থেকে তাদের পাচার করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে জানায়। এ সময় পুলিশ আবিরের কাছে থেকে তার বাবার মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করে ঘটনার সত্যতা জানতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে আবিরের বাবার সঙ্গে তাঁর কথা হয়েছে। এ ছাড়া একই বিষয়ে ভারতের রাধাকৃষ্ণপুর থানা-পুলিশও তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে শিশুগুলোকে ভারতে হস্তান্তর করা হবে।

ওসি সাজেদুর রহমান আরও বলেন, আটক হওয়া নারী ও তাঁর স্বামীর বিরুদ্ধে শিশু পাচারের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। এ ছাড়া পাচারের ঘটনার সঙ্গে অন্য যাঁরা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া শিশুদের আজ রোববার আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে।