সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় চোরাচালান ও ডাকাতি বন্ধে বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগ নিতে পারে। দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। আজ মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা যাচ্ছে। সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। ভারতে সরকার পরিবর্তনের পর স্বরাষ্ট্রসচিব পর্যায়ে এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
ভারতের পক্ষ থেকে প্রধানত তিনটি বিষয় আলোচনায় তোলা হবে। সন্ত্রাসী সংগঠনগুলোর মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করা এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনগুলোর ঘাঁটি ভেঙে দেওয়া।
দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশের কারাগারে বন্দী উলফা নেতা অনুপ চেটিয়া ও ভারতে বন্দী সাজ্জাদ হোসেন ও সুব্রত বাইনের প্রত্যর্পণ। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কাজেই বন্দী প্রত্যর্পণে অসুবিধা নেই।
তৃতীয় বিষয়টি হলো অনুপ্রবেশ সমস্যা। অনুপ্রবেশের বিষয়ে বাংলাদেশের বক্তব্য কদিন আগেই দুই দেশের সীমান্ত নিরাপত্তারক্ষীদের শীর্ষ পর্যায়ের বৈঠকে স্পষ্ট করে জানানো হয়েছে।
দুই দেশের অভ্যন্তরীণ এবং সীমান্ত সমস্যা অভিন্ন বলে দুই দেশের সহযোগিতা ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। এই বিষয়ে দুই দেশই একমত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল প্রথম আলোকে জানায়, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কথা বলেছেন, এই বৈঠকের মূল সুরই হবে তা।