অনৈতিক কাজ ও অসদাচরণের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাজী ফজলুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার রায়কে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় পার্টির স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন তাঁকে অব্যাহতি দেন। সাংসদের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তা তদন্ত করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে উত্তম কুমার রায়কে অপসারণ করা হলো।’ অব্যাহতি পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার রায় বলেন, ‘সাংসদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে আমাকে অব্যাহতি দিয়ে চিঠি দিয়েছেন। গভর্নিং বডির সদস্যদের মতামত না নিয়ে এভাবে তিনি অব্যাহতি দিতে পারেন না। আমি আইনের আশ্রয় নেব।’
উত্তম কুমার ২০১০ সালের ২৬ মে থেকে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন।