ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এ এম এম শামসুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সমন্বয়হীনতাসহ নানা অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব অভিযোগের কথা জানান।
গত বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি পাওয়ার পর মুঠোফোনে অসংখ্যবার ফোন করে ও খুদে বার্তা পাঠিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের কোনো সাড়া পাওয়া যায়নি। গতকাল আবারও শামসুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। দুপুরে ময়মনসিংহ শহরে তাঁর বাড়িতে গেলেও কথা বলা যায়নি। বাড়ির দরজার সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের একজন অফিস সহায়ক জানান, তিনি বাসায় নেই। আবার যোগাযোগের চেষ্টা করা হলে একজন নারী ভেতর থেকে এসে বলেন, তিনি (শামসুর রহমান) অসুস্থ। চিকিৎসক কারও সঙ্গে দেখা না করার উপদেশ দিয়েছেন।
অভিযোগকারী শিক্ষকেরা জানান, ১৩ আগস্ট সাবেক উপাচার্য মোহীত উল আলমের মেয়াদ পূর্ণ হওয়ার পর তিনি চলে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান।
গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আলফারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২৩ আগস্ট শামসুর রহমান দোলনচাঁপা ছাত্রী হলের প্রভোস্ট আলফারুন্নাহারকে অবৈধভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন একজনকে দায়িত্ব দেন। এ ছাড়া দায়িত্ব পাওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ময়মনসিংহ শহরের নিজের বাড়িতে বসেই সব সিদ্ধান্ত নেন। জরুরি প্রশাসনিক কাজে প্রয়োজন হলে কর্মকর্তা ও শিক্ষকদের ময়মনসিংহ শহরে তাঁর বাড়িতে গিয়ে দেখা করতে হয়। তিনি নিজেকে অসুস্থ বলে প্রচার করলেও কাছের লোকদের ফোন ধরেন এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করেন। অন্য শিক্ষকদের ফোনও তিনি ধরেন না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবহন প্রশাসক রেজুয়ান আহমেদ বলেন, ‘সপ্তাহখানেক আগে ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা আমার জরুরি ছিল। তিনি বিশ্ববিদ্যালয়ে না আসায় আমি তাঁকে ফোন করি। টানা চার দিন ফোন করলেও তিনি ফোন ধরেননি।’
প্রক্টর মো. জাহিদুল কবীর বলেন, ‘গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করা হয়। ওই অবস্থায় ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা খুব দরকার ছিল। আমি টানা তিন দিন ফোন করেও তাঁকে পাইনি। শুনেছি তিনি অসুস্থ।’