ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসেও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পদের দায়িত্ব বুঝে পাননি বদলির আদেশ নিয়ে আসা চিকিৎসক অসীম কুমার নাথ। হাসপাতালটির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সলিল কুমার বড়ুয়া দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এই অবস্থায় সলিলের বিরুদ্ধে নির্দেশ অমান্য এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে চিঠিটি ডাকযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসন ও শৃঙ্খলা বিভাগে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এ এম মজিবুল হক বলেন, ‘জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সলিল কুমার বড়ুয়া মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করেছেন। তাঁকে একাধিকবার অসীম কুমার নাথকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফজলুল হকও এ বিষয়ে নির্দেশ দিয়ে তাঁকে চিঠি দেন। তবু তিনি দায়িত্ব বুঝিয়ে দেননি। এ কারণে শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি আজ (রোববার)।’

জানা গেছে, গত ২২ মে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার উপপরিচালক অসীম কুমার নাথকে চট্টগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে বদলির আদেশ দেওয়া হয়। তিনি ১ জুন নিয়মানুযায়ী চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এসে যোগদান করেন। তবে দায়িত্ব বুঝে পাননি এখনো।

অসীম কুমার নাথ প্রথম আলোকে বলেন, যোগদানের পর দায়িত্ব বুঝে নিতে হাসপাতালে গেলে তাঁকে দায়িত্ব দিতে গড়িমসি শুরু করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক চিকিৎসক সলিল কুমার বড়ুয়া। বিষয়টি প্রথমে মৌখিক ও পরে ৬ জুন লিখিতভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অবহিত করা হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সলিল বড়ুয়াকে দায়িত্ব বুঝিয়ে দিতে বললেও তিনি গা করেননি।

অভিযোগ প্রসঙ্গে জানতে সলিল কুমার বড়ুয়াকে দুই দিন ধরে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। গতকাল রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত তাঁর দপ্তরে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। কর্তব্যরত একজন কর্মচারী জানান, তিনি (সলিল কুমার বড়ুয়া) সকালে এসেই বের হয়ে যান। পরে তাঁর মুঠোফোনে খুদে বার্তা দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।