ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৫ ফেব্রুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নবঘোষিত আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকেš৭৮ জন শিক্ষার্থী রয়েছে। পাঁচটি পদের বিপরীতে শিক্ষক রয়েছেন চারজন। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দায়িত্ব পালন করে আসছেন।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলীম উদ্দিনের দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রায় ১৮ মাস ধরে মাসিক প্রতিবেদনের (এমআর) সিটে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে বেতন-ভাতা তুলছেন। তিনি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে প্রতি বৃহস্পতি ও শনিবার বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। প্রতি মাসে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা করার কথা থাকলেও ১৮ মাস ধরে কোনো সভা করেননি। এ ছাড়া গত অর্থবছরে বিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকারিভাবে এক লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। সভাপতির সই নিয়ে বিদ্যালয়ের যৌথ ব্যাংক হিসাব থেকে সেই টাকা তুলে মাত্র ২০ হাজার টাকার কাজ করেই বাকি টাকা আত্মসাৎ করেছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে বেতন-ভাতা উত্তোলন, বিদ্যালয়ে অনুপস্থিত থাকা ও বিদ্যালয়ের উন্নয়নকাজের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে বিপাকে ফেলার জন্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ অপবাদ রটাচ্ছেন।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’