ভারপ্রাপ্ত মেয়র ও আ.লীগ নেতার ওপর হামলা
শিবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমানী আলীকে পিটিয়ে আহত করেছেন চাকরিপ্রত্যাশী কয়েকজন যুবক। হামলার শিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার লাকি মোড়ে।
চাকরিপ্রার্থীদের মধ্যে শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা গ্রামের আল মামুন ইসলাম অভিযোগ করেন, ৫৬ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ৫২ জনকে শিবগঞ্জ পৌরসভায় মাস্টাররোলে চাকরি দেন ইমানী আলী। তিনিসহ বাকি চারজনকে চাকরি দেওয়া হয়নি। নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক ওই ৫২ জনকেও চাকরি থেকে বের করে দেবেন বলে জানান।
আল মামুন ইসলাম বলেন, ‘এতে আমরা চারজনসহ চাকরি পাওয়া ৫২ জনও ক্ষুব্ধ হয়। ইমানী আলীকে টাকা ফেরত দিতে বলা হয়। তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করলে ক্ষুব্ধ যুবকেরা তাঁকে মারধর করে। ইমানী আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, ‘মারধরের ঘটনায় আজিজুর রহমানসহ দুজনকে আটক করা হয়েছে।’