ভারপ্রাপ্ত হিসাব পরিচালকের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগ
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার ভারপ্রাপ্ত হিসাব পরিচালকের কক্ষ ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী প্রশাসন ভবনে অবস্থিত ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. আকামুদ্দীনের কক্ষে যান। তাঁরা আকামুদ্দীনকে কক্ষ থেকে বের করে দেন। পরে ওই কক্ষে ভাঙচুর চালিয়ে তালা লাগিয়ে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আকামুদ্দীন তাঁর সম্পাদিত একটি পত্রিকা ও একটি গ্রন্থে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেছেন। বিষয়টি জানতে পেরে আমাদের কিছু নেতা-কর্মী তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিল। ভাঙচুর হয়েছে কি না, তা আমার জানা নেই।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে আকামুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমি বাইরে আছি, পরে কথা বলব।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার প্রথম আলোকে বলেন, ওই অভিযোগসহ অর্থ কেলেঙ্কারির অভিযোগে আকামুদ্দীনের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে তাঁর ভারপ্রাপ্ত হিসাব পরিচালকের পদটি স্থগিত করা হয়। এখন তিনি স্বাভাবিকভাবে উপপরিচালকের পদের দায়িত্ব পালন করবেন।’
ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘ঘটনা শুনেছি। তবে আমার কাছে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।’