ভারপ্রাপ্তদের ভারে ন্যুব্জ চট্টগ্রামের ১৮ কলেজ
চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচালনাধীন ১৮টি কলেজের কোনোটিতেই নিয়মিত অধ্যক্ষ নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষরাই কাজ চালিয়ে যাচ্ছেন। আর গত বছর চালু হওয়া তিনটি কলেজে রয়েছে শিক্ষক-সংকট।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষরা বলছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন ও শিক্ষক-সংকট থাকায় কলেজগুলোর শিক্ষার মানের তেমন হেরফের হয়নি। তবে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিক্ষা বোর্ড, মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ব্যাপারে আপত্তি রয়েছে। অনেক সময় কলেজের স্বীকৃতি নবায়ন বন্ধ রাখে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া মনে করেন, ভারপ্রাপ্ত দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করায় শিক্ষার গুণগত মান কমেছে।
সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ গত সোমবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, গত বছরের ২০ ফেব্রুয়ারি প্রকৌশল বিভাগের তিন সহকারী প্রকৌশলী পদোন্নতি নিয়ে হাইকোর্টে একটি রিট করেন। এরপর আদালত সিটি করপোরেশনের সব ধরনের নিয়োগ, স্থায়ীকরণ ও পদোন্নতিতে স্থগিতাদেশ দেন। এই জটিলতার কারণে প্রস্তুতি থাকা সত্ত্বেও কলেজগুলোতে ভারপ্রাপ্তদের জায়গায় নিয়মিত কাউকে নিয়োগ ও পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে করপোরেশন এই রিটের ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানান তিনি।
সিটি করপোরেশনের শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ১৮টি কলেজের মধ্যে সাতটিতে স্নাতক (পাস) কোর্স চালু রয়েছে। কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ এবং কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে।
সিটি করপোরেশনের গত পাঁচ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এসএসসি পরীক্ষায় পাসের হার বাড়লেও এইচএসসিতে কমেছে। ২০১০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৪ দশমিক ২৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৬ দশমিক ৬৯ শতাংশ। অন্যদিকে ২০১০ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৮ দশমিক ৩৬ শতাংশ হলেও গত বছর ছিল ৭২ দশমিক ৬৯ শতাংশ।
গত বছর চালু হওয়া রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তর কুমার আচার্য বলেন, ‘কলেজে নিয়মিত শিক্ষক-সংকটের কারণে সিটি করপোরেশনের অন্যান্য কলেজের শিক্ষকেরা এসে এখানে ক্লাস নেন। এ সংকট দূর করতে নিয়মিত শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।’
করপোরেশনের আরেকটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাম প্রকাশ না করে বলেন, ‘রিট হয়েছে এক বছর আগে। এটি নিষ্পত্তির জন্য পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ কেন নেওয়া হয়নি তা বোধগম্য নয়। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে করতে শিক্ষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, একজন নিয়মিত অধ্যক্ষ যেভাবে প্রশাসনিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষরা সেভাবে পারেন না। কেননা তাঁকেও একসময় শিক্ষক পদে ফিরে যেতে হতে পারে। প্রশাসনিক এই জটিলতার কারণে শিক্ষার মানে একধরনের প্রভাব তো অবশ্যই পড়ে।