নাশকতার অভিযোগে গাইবান্ধায় ছয় জনপ্রতিনিধি বরখাস্ত
ভারপ্রাপ্তরা দায়িত্বে, মিলছে না যথাযথ সেবা
গাইবান্ধায় উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ছয়জন জনপ্রতিনিধির কাজ চালানো হচ্ছে ভারপ্রাপ্তদের দিয়ে। ফলে এসব জনপ্রতিনিধির কার্যালয়ে এসে স্থানীয় লোকজন যথাযথ সেবা পাচ্ছেন না। সহিংসতা, নাশকতা ও হত্যার অভিযোগে মামলা থাকায় সরকার তাঁদের বরখাস্ত করেছে। এ কারণে তাঁরা দাপ্তরিক কাজ করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় পুলিশ হত্যাসহ সহিংসতা এবং গত দুই মাস দশ দিনে টানা হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার তিনটি উপজেলায় ছয়জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়। এর মধ্যে তিনজন উপজেলা চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান এবং একজন মেয়র।
স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, পুলিশ হত্যাসহ একাধিক নাশকতার মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত বছরের ৩০ জানুয়ারি সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র জামায়াতের নেতা নুরুন্নবী প্রামাণিককে বরখাস্ত করা হয়। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয় পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমানকে। অবশ্য চলতি বছরের ৫ মার্চ এ পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল মামুন মেয়র নির্বাচিত হন। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কাউন্সিলর বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি সরাসরি দায়িত্ব পালন করলে দাপ্তরিককাজের গতি থাকে। ভারপ্রাপ্ত দিয়ে কাজ চালানো হলেও কাজে স্বাভাবিক গতি থাকে না।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল করিমের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতা, যানবাহন ভাঙচুরসহ একাধিক মামলার অভিযোগপত্র আদালতে দেওয়ায় একই বছরের ২ অক্টোবর তাঁকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। নারী ভাইস চেয়ারম্যান রশিদা বেগম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
২০১৩ সালের সুন্দরগঞ্জের ডোমেরহাট এলাকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন হত্যাসহ একাধিক মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় গত বছরের ১৮ নভেম্বর সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাজেদুর রহমানকে বরখাস্ত করা হয়। এ ছাড়া পুলিশ হত্যাসহ একাধিক মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সোলায়মানও গত ১৮ নভেম্বর বরখাস্ত হন। নারী ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
নাশকতার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেবকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। নারী ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কোহিনুর আক্তার বলেন, সদ্য দায়িত্ব পেয়েছি। কোনো সমস্যা হচ্ছে না।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার এবং উপসচিব মো. সবুর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রতিনিধির বিরুদ্ধে নাশকতার ঘটনায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁদের দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। তাই ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনে (সংশোধন ২০১১) তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মোখলেছুর রহমান জনপ্রতিনিধিদের সাময়িকভাবে বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ এলাকার ব্যবসায়ী মোশারফ মিয়া বলেন, ‘আমরা পৌরসভা এলাকায় ঠিকাদারি কাজ করে থাকি। কিন্তু ভারপ্রাপ্ত মেয়র অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন না। এ কারণে বিল পেতে সমস্যায় পড়তে হচ্ছে।’
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সাংসদ ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ সরকার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা মেয়র অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন না। যদি কেউ করেন, তা মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি সাপেক্ষে করতে পারেন। এ ছাড়া ভারপ্রাপ্তদের অনেক সীমাবদ্ধতা রয়েছে।