ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামে ছাগল চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতন করার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামের পাগলা মোড় এলাকায় ৫ জুলাই প্রতিবেশী আবদুল কুদ্দুসের ছাগল চুরির অভিযোগে মল্লিকবাড়ি গ্রামের শামীম নামের এক কিশোরকে (১৭) গাছে ঝুলিয়ে কয়েক ঘণ্টা নির্যাতন করা হয়। নির্যাতনের সঙ্গে কারা জড়িত ছিল, এ ব্যাপারে গ্রামের কেউ মুখ খুলতে রাজি হয়নি। নির্যাতনের শিকার শামীম মামলায় মল্লিকবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোস্তফা ভুঁইয়াসহ নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও নয়জনকে আসামি করে ১৭ জুলাই মামলা করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ জুলাই ছাগল চুরির বিষয়ে আবদুল কুদ্দুস এলাকার প্রভাবশালী ব্যক্তিদের কাছে নালিশ করেন। পরে মল্লিকবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা ভুঁইয়াসহ আরও অনেকে শামীমকে পাগলার মোড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলিয়ে কয়েক ঘণ্টা নির্যাতন করেন। নির্যাতনে শামীমের অবস্থা খারাপ হলে নির্যাতনকারীদের কয়েকজন শামীমকে তার বাড়িতে দিয়ে আসে। রাত ১০টার দিকে শামীমের অবস্থা খারাপ হলে নির্যাতনকরীরাই তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক শামীমকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলে তাকে সেখানে ভর্তি করা হয়। ১২ জুলাই শামীমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ছেড়ে দেওয়া হয়। ১৭ জুলাই শামীম মামলা করে। গত বুধবার রাতে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি সুলতানকে গ্রেপ্তার করে।
গোলাম মোস্তফা বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জামায়াত-বিএনপির কয়েকজন লোক ছেলেটিকে নির্যাতন করছে। রাজনৈতিকভাবে হেয় করার জন্য জামায়াত ও নিজ দলে আমার রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করে শামীমকে দিয়ে আমার নামে মামলা করিয়েছে।’
মামলার পর থেকে শামীমকে তার বাড়িতে পাওয়া যাচ্ছে না। গ্রামবাসী জানান, শামীমের বাবা নেই। কিছুদিন আগে সে মায়ের সঙ্গে ঢাকায় চলে গেছে। কিন্তু ঢাকায় কোথায় আছে, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি গ্রামের লোকজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শামীমের গ্রামে খোঁজ নেওয়া হলে জানা যায় তাদের ঘর তালাবদ্ধ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, অসুস্থ অবস্থায় শামীম তার এক খালাতো ভাইয়ের সহযোগিতায় মামলা করে। এরপর থেকে সে কোথায় আছে তা তাঁরা জানেন না। তবে শুনেছেন সে ঢাকায় চিকিৎসাধীন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বাকি আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।