ভালুকায় চারজনের হত্যাকারী শনাক্ত!
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে। এ দাবি করে পুলিশ বলছে, মামলার তদন্তের স্বার্থে হত্যাকারীর পরিচয় গোপন রাখা হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন প্রথম আলোকে বলেন, হত্যার বিভিন্ন আলামত ও তথ্যের ভিত্তিতে হত্যারকারীকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাঁর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
গত সোমবার গভীর রাতে ভালুকা উপজেলার লবণকোঠা গ্রামের বাসিন্দা ও হবিরবাড়ী ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে বাচ্চু ও তাঁর স্ত্রী পারুল আক্তারের (২৬) মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং দুই মেয়ে জিনিয়া (৬) ও লিপাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে রফিকুল ইসলামের বাবা ওয়ারেছ আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। আজ সকালে মামলা তদন্তে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়।
ভালুকা থানার পুলিশ ও ডিবি মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সন্দেহভাজন চার-পাঁচজনকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক হওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা এবং নাম গোপন রেখেছে পুলিশ।