ভালুকায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সারোয়ার হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত বুধবার রাতে স্থানীয় একটি বাজারে কয়েকজন তরুণ সারোয়ারকে চুরির অভিযোগে বেধড়ক মারধর করে। 
সারোয়ার উপজেলার কংশেরকুল গ্রামের আবদুস সামাদের ছেলে। সে কংশেরকুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় সারোয়ারকে তার বাড়ি থেকে স্থানীয় কয়েকজন তরুণ ডেকে নিয়ে যায়। পরে বিরুনীয়া বাজারে সারোয়ারের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ এনে মধ্যরাত পর্যন্ত তাকে মারধর করা হয়। গতকাল সকালে বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় সারোয়ারের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, চুরির অভিযোগে সারোয়ারকে স্থানীয় রুবেল ও আলতাফ চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে চেয়ারের হাতল দিয়ে মারধর করে। রাত আনুমানিক একটার দিকে বাজারের কিছু লোক ইউপি সদস্য ফারুক আহমেদকে খবর দেন।
ফারুক আহমেদ বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে সারোয়ারকে উদ্ধার করে তার মা-বাবাকে ডেকে বাড়িতে দিয়ে আসি।’
ঘটনার পর থেকে রুবেল, আলতাফসহ স্থানীয় কিছু তরুণ গা ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, নিহত সারোয়ারের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।