ভালুকার ইউএনওকে হত্যার হুমকি
আগামী সোমবার ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ ভবনে বোমা হামলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হত্যা করার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বিকেলে মুঠোফোনে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ইউএনও ভালুকা মডেল থানায় জিডি করেছেন।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জানতে চাইলে ইউএনও কামরুল আহসান তালুকদার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁর কাছে ফোন আসে। মুঠোফোনের অপর প্রান্ত থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা সোমবার উপজেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। তাঁকে (ইউএনও) হত্যা করা হবে বলেও হুমকি দেন। এরপর মুঠোফোনের সংযোগ কেটে দেওয়া হয়। তবে এর কারণ বা উদ্দেশ্য কী তা জানানো হয়নি। এরপর থেকে মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
ইউএনও আরও বলেন, সোমবার ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। তাই মানুষের মনে আতঙ্ক ছড়াতে পারে—এমন আশঙ্কা থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকর্মীদের জানানো হয়নি। তবে গতকাল বিষয়টি জানাজানি হয়।