ভালুকায় অপহৃত শিশু নেত্রকোনায় উদ্ধার
ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে নাসরিন (৫) নামের এক শিশুকে অপহরণের পরদিন আজ সোমবার দুপুরে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার হাটখোলা রোডের একটি মেসবাড়ি থেকে উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাকিবুল হাসান (২৪) ও মো. বারী (২২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
অপহৃত শিশুটি নেত্রকোনার মদন উপজেলার জঙ্গলটেঙ্গা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও উদ্ধারকৃত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার রাকিবুল হাসান ও মো. বারী ভালুকায় সিড স্টোর এলাকায় পাশাপাশি বাসায় থেকে এক সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে নাসরিনকে বিস্কুট খাওয়ানোর কথা বলে রাকিবুল ও বারী অপহরণ করে। ঘণ্টা চারেক পর তাঁরা মোবাইলে ওই শিশুটির বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রাতেই নাসির উদ্দিন ভালুকা থানায় ওই দুজনের নামে মামলা করেন। ভালুকা থানা-পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে নেত্রকোনা মডেল থানাকে জানালে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাতপাই এলাকার একটি মেস বাড়ি থেকে নাসরিনকে উদ্ধার করে এবং অপহরণে জড়িত থাকার অভিযোগে রাকিবুল হাসান ও বারীকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাছুদুল আলম প্রথম আলোকে বলেন, শিশুটিকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে ভালুকা থানায় পাঠানো হয়েছে।