ভালুকায় ঈদের রাত থেকে চলছে জুয়া
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঈদের রাত থেকে ‘ইনডোর গেমের’ নামে প্রতি রাতে চলছে কয়েক লাখ টাকার জুয়া ও হাউজি খেলা। ‘গ্রামীণ সেবা সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি স্থানীয় সংগঠনের ব্যানারে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রশাসনকে হাত করে জুয়া ও হাউজি চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার ঈদের রাত থেকে উপজেলার হবিরবাড়ি শিল্পাঞ্চল সিডস্টোর বাজারের দক্ষিণ পাশে বিশালাকৃতির প্যান্ডেল বানিয়ে প্রতি রাতে চলছে লাখ লাখ টাকার ওয়ানটেন, ওয়ান এইটসহ নানা প্রকার জুয়া এবং হাউজি। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রাতে দূর দূরান্ত থেকে আসা জুয়াড়িরা ছাড়াও স্থানীয় অনেক কারখানাশ্রমিক, কলেজছাত্রসহ খেটে খাওয়া মানুষও রাতভর জুয়া খেলেন। গত সোমবার (৪আগষ্ট) রাতেও জুয়ার আসর চলেছে বলে জানান স্থানীয় কয়েকজন।
তাঁরা জানান, এর আগেও ওই প্রভাবশালী চক্রটি স্থানীয় প্রশাসনকে হাত করে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালায়। পরে এলাকাবাসী জুয়ার আসরের বিরুদ্ধে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ জুয়ার আসরটি ভেঙে দেয়। এদিকে জুয়া খেলার পাশাপাশি ভালুকায় বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড। জুয়ার টাকা জোগাতে তরুণ ও যুবকেরা ওই সব অপরাধের সঙ্গে জাড়িয়ে পড়ছে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে মিনার ও বাবুল ঢালী নামের দুই ব্যক্তি এবং একটি রাজনৈতিক দলের কয়েকজন কর্মী আসরটি পরিচালনা করেন। মিনার ও বাবুল ঢালীর মুঠোফোনে ফোন করা হলে তাঁরা জানান, উচ্চ আদালত ও প্রশাসনের অনুমতি নিয়ে আসরটি চলছে। রাতে ইনডোর গেমের নামে জুয়া খেলা চলে কি না জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করেননি।
এলাকাবাসী জানায় জুয়ার টাকা সংগ্রহ করার জন্যই সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার শিল্পাঞ্চল ও ত্রিশালে বাড়ছে অপরাধ। এ ছাড়া এলাকার কয়েকজন জানান, ভালুকার বিভিন্ন গ্রামে জুয়ার টাকা সংগ্রহের জন্য অনেকে মা, বাবা ও স্ত্রীদের ওপর চাপ প্রয়োগ করে পরিবারে শান্তি নষ্ট করছেন।
ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এর বিরুদ্ধে আগেও সাধারণ মানুষ আন্দোলন করেছে। প্রশাসন দ্রুত বন্ধ না করলে আবারও মানুষ জুয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার বলেন, ‘জুয়ার আসরের কোনো অনুমতি প্রশাসন দেয়নি। গত শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ আসরটি বন্ধ করে দিয়েছে বলে জানি। এরপর যদি আবার শুরু হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে হাত করে জুয়ার আসর চালানোর অভিযোগ তিনি অস্বীকার করেন।’
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রশাসনকে হাত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত শুক্রবার রাতে আমরা আসরটি বন্ধ করে দিয়ে আসার পর আবারও চলেছে বলে জেনেছি।’