ভালুকায় এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রভাত চন্দ্র সমদ্দার (৪৪) নামের এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রভাতের বাড়ি গোপালগঞ্জে। তিনি উপজেলার বিরুনীয়া এলাকায় কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট (সিএইচসিপি) নামের একটি বেসরকারি সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, কয়েক বছর ধরে প্রভাত ওই সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আজ ভোরে তাঁরা অফিসের ভেতর প্রভাতের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় দরজা-জানালা খোলা ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, প্রভাতের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।