ভালুকায় এবার কৃষককে পেটালেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোস্তাফা ভূঁইয়া ও তাঁর সহযোগীরা এবার ইসহাক আলী (৪০) নামের এক কৃষককে পিটিছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত ৫ জুলাই ছাগল চুরির অভিযোগে শামীম আহমেদ (১৭) নামের এক তরুণকে পিটিয়েছে ওই বাহিনী।
দুটি ঘটনায়ই ভুক্তভোগীরা থানায় মামলা করেছেন। কিন্তু এখনো মোস্তাফাকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পুলিশের চোখে মোস্তাফা পলাতক হলেও তিনি ভালুকা উপজেলায় অবস্থান করছেন।
ইসহাকের পরিবারের অভিযোগ, মোস্তাফা ভূঁইয়া ও তাঁর সহযোগীরা ১৩ আগস্ট রাতে মল্লিকবাড়ি গ্রামে টেলিভিশন দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ওই গ্রামের ইসহাক আলীকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ইসহাক আলীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৪ আগস্ট ইসহাক আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় মোস্তাফার বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ছাগল চুরির অভিযোগে মল্লিকবাড়ি গ্রামের শামীম আহমেদকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়। মোস্তাফার উপস্থিতিতে ও তাঁর নির্দেশে শামীমকে নির্যাতন করার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলার বাদী হয়েছে নির্যাতনের শিকার শামীম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মোস্তাফা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় যা খুশি তা করার চেষ্টা করে যাচ্ছেন। দুটি মামলার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারছে না।
পুলিশ সূত্রে আরও জানা যায়, শামীম আহমেদকে গাছে ঝুলিয়ে নির্যাতন করার মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে মোস্তাফার নাম রয়েছে।
যুবলীগ নেতা মোস্তাফা ভূঁইয়া মুঠোফোনে দাবি করেন, ‘শামীম বা ইহসাক কাউকেই আমি মারিনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোস্তাফাকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে। পুলিশের কোনো গাফিলতি নেই।