ভালুকায় কিশোর নিখোঁজ, মুক্তিপণ দাবি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাহবুব আকন্দ (১৫) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল শনিবার তার পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ভালুকা পৌর শহর থেকে মাহবুব আকন্দ নিখোঁজ হয়।
পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব ভালুকা গ্রামের জামাল উদ্দিন আকন্দের ছেলে মাহবুব আকন্দ গত বুধবার রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায় যাওয়ার পর রাতে সে আর বাড়ি ফেরেনি। গত বৃহস্পতিবার সকালে মাহবুবের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি জিডি করেন। পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
গতকাল শনিবার ভোররাতে মাহবুবের বাবা জামাল উদ্দিন ও ফুফাতো ভাই সবুজের মুঠোফোনে একাধিক নম্বর থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।