ভালুকায় ছাত্রলীগ ও শ্রমিক লীগের সংঘের্ষ গুলিবিদ্ধ ১০
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভালুকা বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্ট উচ্ছেদের জের ধরে সাংসদ মো. আমান উল্ল্যাহ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে বেশ কিছু দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে গতকাল দুপুরে সাংসদপক্ষের শ্রমিক লীগ কর্মী রওনক শিহাব ও লুৎফে ওয়ালী এবং উপজেলা চেয়ারম্যানপক্ষের উপজেলা সড়ক পরিবহন লীগের সভাপতি কায়সার আহমেদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের নেতৃত্বে দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন।
প্রায় ৩০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে মাহমুদুল হাসান (২৭), কায়সার আহমেদ (৩৫), রুবেল, (২২), রফিকুল ইসলাম (২৭), মো. জামান (৩৫), মানিকসহ (২০) ১০ জন গুলিবিদ্ধ হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ফলে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, নিজেদের স্বার্থের জন্য কিছু উগ্র কর্মী নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এটা আওয়ামী লীগের দলীয় স্বার্থের ব্যাপার নয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।