ভালুকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ধর্ষণ
শিশু ধর্ষণ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে।

শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। গতকাল গার্মেন্টস একটু দেরিতে ছুটি হয়। পরে বাড়ি ফিরতে তাঁর রাত হয়ে যায়। এতে শিশুটি তার মায়ের জন্য বাড়ির পাশে রাস্তায় অপেক্ষা করছিল। ওই সময় মোহাম্মদ আলী নামে একই এলাকার এক ব্যক্তি শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি তাদের বাসার মালিকের স্ত্রীকে বিষয়টি জানায়। এরপর ওই নারী ঘটনাটি শিশুটির মাকে ফোনে জানান। পরে শিশুটির মা বাসায় ফিরে মোহাম্মদ আলীকে জিজ্ঞেস করেন—কেন ওই শিশুকে ঘরে ডেকে নিয়েছেন? এ সময় আশপাশের উপস্থিত নারীরা মোহাম্মদ আলীকে মারধর করেন এবং রাতেই তাঁকে পুলিশে সোপর্দ করেন। 


অভিযুক্ত মোহাম্মদ আলীর স্ত্রী ও সন্তান রয়েছে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার কোয়ালিটি শিফট ইনচার্জের দায়িত্বে রয়েছেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মণ বলেন, আহত মোহাম্মদ আলীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আজ মঙ্গলবার বিকেলের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।