ভালুকায় তরুণের লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় মেহেদি হাসান ওরফে পাপ্পু (২৪) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে পৌর শহরের ভালুকা ডিগ্রি কলেজের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
নিহত মেহেদি ভালুকা পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম আইয়ুব আলী সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে মেহেদি বেশ কিছুদিন ধরে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। আজ ভোরে তাঁর লাশ কলেজপাড়া এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে বেলা ১১টার দিকে লাশটি মেহেদির বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন। নিহত তরুণের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মেহেদির পরিবারের ভাষ্য, গতকাল শনিবার রাত একটার দিকে মেহেদি প্যান্ট ও গেঞ্জি পরে বাসা থেকে বের হন। সারা রাত আর বাসায় ফেরেননি। সকালে তাঁর লাশ পাওয়া যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।