ভালুকায় তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় মেহেদী হাসান ওরফে পাপ্পু (২৪) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে পৌর শহরের ভালুকা ডিগ্রি কলেজের সামনে থেকে লাশটি প্রায় নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। পূর্ববিরোধের জের ধরে মেহেদী হাসানকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

নিহত মেহেদী হাসান ভালুকা পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম আইয়ুব আলী সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে মেহেদী বেশ কিছু দিন ধরে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। গতকাল ভোরে নগ্ন অবস্থায় মেহেদীর লাশ কলেজপাড়া এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে বেলা ১১টার দিকে লাশটি মেহেদী হাসানের বলে নিশ্চিত করে পরিবার। লাশের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাত একটার সময় মেহেদী প্যান্ট ও গেঞ্জি পরে বাসা থেকে বের হন। সারা রাত আর বাসায় ফেরেননি। সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে।