ময়মনসিংহের ভালুকায় ভাড়া করা ঘরে বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তি আলম প্রামাণিক (৩০) ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরির কথা বলে গত ৭ এপ্রিল স্ত্রী-সন্তান নিয়ে নাটোরের নিজ বাড়ি ছেড়েছিলেন। এরপর থেকে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পুলিশ গতকাল সোমবার আলমের পরিচয় নিশ্চিত করে বলেছে, তিনি জেএমবির সদস্য। তাঁর বাড়ি নাটোর সদরের চক আমহাটি গ্রামে। গতকাল ভালুকার ওই ঘরে অভিযান চালিয়ে দুটি প্রেশার কুকার বোমাসহ চারটি বোমা উদ্ধার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এসব বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, প্রেশার কুকারের মধ্যে বানানো বোমা দুটি শক্তিশালী। ঈদ সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো ঘরে তৈরি করা হয়। সেগুলো অন্য স্থানে নেওয়ার পরিকল্পনাও ছিল জঙ্গিদের।
পুলিশ বলেছে, জেএমবির সদস্য হিসেবে আলমের নাম কাউন্টার টেররিজম ইউনিটের তালিকায় ছিল।
এর আগে কয়েকটি জঙ্গি আস্তানায় তিনি অবস্থান করেছিলেন। তবে পুলিশের অভিযানের সময় তিনি পালিয়ে যান। তিনি সর্বশেষ কুষ্টিয়ার একটি জঙ্গি আস্তানায় ছিলেন। প্রায় পাঁচ দিন আগে ভালুকা উপজেলার কাশর গ্রামের ওই বাড়িতে ঘর ভাড়া নিয়ে স্ত্রী, দুই সন্তানসহ তিনি ওঠেন।
গত রোববার সন্ধ্যায় বিস্ফোরণের সময় ওই ঘরে আলমের স্ত্রী পারভীন (২৮) ও দুই ছেলেও ছিল। বিস্ফোরণে এক ছেলে (৮) আহত হয়। দুই ছেলেকে নিয়ে পালানোর সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে উত্তরবঙ্গগামী বাসের টিকিট কাউন্টারের সামনে থেকে পারভীনকে পুলিশ আটক করে।
কাশর গ্রামের ওই বাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড থেকে তিন কিলোমিটার ভেতরে। ওই এলাকার বাসিন্দারা বলেন, যে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এর তিন দিকেই জলাশয়। নিহত আলমের এক প্রতিবেশী বলেন, গত বুধবার দুপুরে পরিবার নিয়ে ওই বাড়িতে ওঠেন আলম। তিনি নিজেকে সুতা ব্যবসায়ী বলে পরিচয় দেন। পরিবারের সদস্যরা দিনের বেশির ভাগ সময় ঘরেই থাকত।
পুলিশ রোববার রাতে ওই বাড়ির মালিক আজিম উদ্দিনকে আটক করে। আজিমের স্ত্রী ও দুই সন্তানকে গোয়েন্দা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত আলম প্রামাণিকের বাবা আবুল কালাম প্রামাণিক প্রথম আলোকে বলেন, গত এপ্রিলে আলম ব্যাটারিচালিত অটোরিকশা কেনার জন্য তাঁর কাছে এক লাখ টাকা চেয়েছিলেন। তিনি তা দিতে পারেননি। ক্ষুব্ধ হয়ে ৭ এপ্রিল সকালে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যান। যাওয়ার আগে বলে যান, ঢাকায় একটি কোম্পানিতে গাড়িচালকের চাকরি নেবেন। এরপর থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ ছিল না। এ জন্য পরে তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সকালে পুলিশের কাছ থেকে তিনি ছেলের মৃত্যুর খবর পেয়েছেন।
আবুল কালাম বলেন, তাঁর ছেলে নাটোরের মহারাজা জে এন উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছেন। পরে রাজমিস্ত্রি ও মাঠের কাজ করেছেন। বিয়ের পর বাস ও ট্রাক চালাতেন। মাঝে কুষ্টিয়ায় ট্রাক ছিনতাইয়ের মামলার আসামি হন। তবে মামলাটি আপস-মীমাংসা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকে নামাজ পড়ত। তবে কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেনি। জঙ্গি তৎপরতার কোনো লক্ষণ তার মধ্যে ছিল না।’ কীভাবে তাঁর ছেলে বোমা বানাতে গিয়ে মারা গেছেন, তা তদন্ত করে দেখার অনুরোধ করেন তিনি।