ভালুকায় পিটুনিতে দুই পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করতে গিয়ে সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের দুই সদস্য পিটুনির শিকার হয়েছেন। গত রোববার গোয়ারী মুক্তির বাজারে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার দুই পুলিশ সদস্য হলেন ভালুকা মডেল থানার এএসআই মুনসুর (৩৭) ও কনস্টেবল রঞ্জু খান (২৯)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, সোর্সের দেওয়া ভুল তথ্যের কারণে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সন্ধ্যার পর এএসআই মুনসুর ও কনস্টেবল রঞ্জু সাদাপোশাকে গোয়ারী মুক্তির বাজারে যান। সেখানে একটি দোকানের সামনে আবু বক্কর সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি বসে ছিলেন। পুলিশের সদস্যরা তাঁকে ডেকে নিয়ে গাঁজা ব্যবসায়ী অভিহিত করে গ্রেপ্তার করতে উদ্যত হন। এ সময় বাজারে থাকা লোকেরা প্রতিবাদ করেন। বাজারের লোকজন পুলিশের সদস্যদের বলেন, ‘আবু বক্কর সিদ্দিকুর রহমান মাদ্রাসাশিক্ষক, তিনি মাদক ব্যবসায়ী নন।’ এ নিয়ে বাজারের লোকদের সঙ্গে মুনসুর ও রঞ্জুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু বক্করকে গ্রেপ্তার করতে গেলে বাজারের লোকেরা ওই দুই সদস্যকে মারধর করেন। মারধরে তাঁরা আহত হন। রাত সাড়ে আটটার দিকে ভালুকা মডেল থানা-পুলিশের একটি দল তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।