ভালো চাল পাল্টে রাখা হচ্ছে নিম্নমানের চাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) গুদাম থেকে ভালো চাল পরিবর্তন করে নিম্নমানের চাল রাখার অভিযোগ উঠেছে। আর এর সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে।
গত মঙ্গলবার রাতে খুলনার সিএসডি গুদাম থেকে পাচার হয়ে যাওয়া এক ট্রাক চাল আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৬। ওই ট্রাকে ২৭৫ বস্তায় চাল ছিল ১৩ হাজার ৬৯০ কেজি। চালের ক্রেতা খলিলুর রহমান নামের এক ব্যবসায়ীকে রাতে আটক করে র্যা ব। আর পাচারে সহায়তার অভিযোগে সিএসডি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজগর আলীকে গতকাল সকালে আটক করা হয়।
আটক হওয়া দুজনের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বুধবার সিএসডি গুদামে অভিযান চালায় র্যা ব। অভিযানে ৬৪টি গুদামের মধ্যে ১৮, ২৬ ও ৩২ নম্বর গুদামে নিম্নমানের চাল পাওয়ায় তা সিলগালা করে দেওয়া হয়।
এসব অভিযানে নেতৃত্ব দেন র্যা ব-৬-এর স্পেশাল কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। তিনি দাবি করেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে কিছু অসাধু ব্যক্তির সহায়তায় তাঁরা গুদাম থেকে ভালো মানের চাল নিয়ে গিয়ে পরে সেখানে নিম্নমানের চাল ঢুকিয়ে দেন। ওই রাতেই গুদামের রেজিস্ট্রি বই যাচাই করে দেখা গেছে, সেখানে ট্রাকটি ঢোকার সময় লিপিবদ্ধ আছে। কিন্তু বের হওয়ার সময় উল্লেখ নেই।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা স্বীকার করেন চালগুলো ২৬ নম্বর গুদাম থেকে নেওয়া হয়েছে। পরে গতকাল ওই তিনটি গুদামে অভিযান চালিয়ে দুই-তৃতীয়াংশ খাবার অনুপযোগী চাল পাওয়া গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে র্যা ব। আর জেলা প্রশাসন থেকেও এটি তদন্ত করা হবে।
তবে গুদামের চাল পরিবর্তনের অভিযোগ অস্বীকার করেছেন খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুবুর রহমান খান। তিনি বলেন, গুদামের বাইরে গেলে ডিলাররা অধিক মুনাফার আশায় চাল পরিবর্তন করতে পারেন। কিন্তু গুদাম থেকে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তা ছাড়া র্যা বের অভিযানের সময় গুদামগুলোতে ভালো মানের চালও পাওয়া গেছে। তবে র্যা ব যেভাবে দাবি করছে গুদামগুলোতে সেই পরিমাণ নিম্নমানের চাল নেই।
জেলা প্রশাসকের নির্বাহী হাকিম মো. আবদুল আউয়াল বলেন, অভিযান চালিয়ে দেখা যায় একটি গুদামের প্রায় অর্ধেক ও অন্য একটি গুদামের ১০০ মেট্রিক টনের মধ্যে প্রায় ৬০ মেট্রিক টন চাল অত্যন্ত নিম্নমানের। এ পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য ওই গুদামগুলো সিলগালা করে রাখা হয়েছে। তা ছাড়া ওই চালের ব্যাপারে র্যা ব ও জেলা প্রশাসন পৃথকভাবে দুটি প্রতিবেদন তৈরি করবে। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকেও তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।