ভালো নেই সালমা, দেবরকে ধরতে পারেনি পুলিশ
এক এক করে নয় দিন পেরিয়েছে। যন্ত্রণা কমেনি সালমার। দেবরের রামদায়ের কোপে দুই পা হারানো গৃহবধূ সালমা গতকাল সোমবার বহু কষ্টে শুধু একটি বাক্য উচ্চারণ করলেন, ‘ভালো ঠ্যাহে না।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে প্রায় বাক্শক্তিহীন অবস্থায় শুয়ে ছিলেন তিনি। আর হামলাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে।
গত ২৫ অক্টোবর মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে শ্বশুরবাড়িতে সালমাকে কোপান দেবর রেজাউল ব্যাপারী। সালমার চাচাতো বোন শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, রেজাউল রামদা দিয়ে কুপিয়েছেন। তাঁকে দা দিয়েছেন সালমার ভাশুর আবদুল হাই ব্যাপারী। কোপানো শেষে রেজাউল রামদা তাঁর বড় ভাইয়ের ঘরে রেখে আসেন। তিনি বলেন, ‘এ ঘটনা সবাই জানে, খালি পুলিশ জানে না, খুঁইজাও পায় না।’
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আসামিদের ধরতে ঢাকা, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু পাওয়া যায়নি।
গতকাল সালমার সঙ্গে ছিলেন তাঁর দুই বোন রাশিদা বেগম ও মাহমুদা বেগম। আর মায়ের শয্যার পাশে মেঝেতে বসে ভাত খাচ্ছিল মেয়ে সুমাইয়া আর প্রতিবন্ধী ছেলে সাইয়েদুল। ১০/১১ বছর বয়সী সুমাইয়ার সামনেই রামদা দিয়ে মাকে কোপানো হয়েছে। স্বজনেরা যখন ঘটনার বর্ণনা করছিলেন, তখনো সুমাইয়ার চোখে-মুখে ছিল আতঙ্ক। স্বজনেরা জানান, ‘সালমারে কুপানির পর দাও লইয়া মেয়েরে দাবড়ানি দিছে। মেয়ে ডরে পুকুরে লাফ দিছে। নাইলে ওর যে আজকে কী হইত কে জানে।’
সালমা ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ পরামর্শক আশরাফউদ্দিন খানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘সালমা পঙ্গু হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। ওখানেই তাঁর অস্ত্রোপচার হয়। ওঁর কাটা পা দুটো কোনোরকমে ঝুলে ছিল। না কেটে কোনো উপায় ছিল না। তলপেট ও যৌনাঙ্গেও মারাত্মক ক্ষত ছিল। শারীরিক সমস্যার পাশাপাশি উনি খুব মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। সারাক্ষণ আতঙ্কে থাকেন। ড্রেসিংয়ের সময় প্রচণ্ড চিৎকার করতে থাকেন।’
সালমার স্বজনেরা বলেন, প্রায়ই অচেতন হয়ে পড়ছেন সালমা। তাঁদের দুঃখ একটাই—এত বড় নৃশংসতার ঘটনা ঘটার পরও কোনো মানবাধিকার সংস্থার সাহায্য তাঁরা পাননি। কেউ কোনো খোঁজও নেয়নি।