ভালোবাসতে বারণ, না মানায় প্রাণহরণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া রতনপুর গ্রামের উজ্জ্বল মিয়া (২৫) ভালোবেসেছিলেন একই গ্রামের সোমা খাতুনকে। কিন্তু এই ভালোবাসা মেনে নেননি মেয়ের বাবা শাহজাহান মিয়া। অনেকবার বাধা দিয়েছেন। তাতে কাজ হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে তিনি লোকজন নিয়ে দিবালোকে উজ্জ্বলকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে শাহজাহান মিয়ার ঘরবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, দুই বছর আগে ছয়ঘরিয়া রতনপুর গ্রামের আতাউল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার সঙ্গে একই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সোমা খাতুনের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বাদ সাধেন শাহজাহান মিয়া। তিনি উজ্জ্বলকে তাঁর মেয়ের কাছ থেকে সরে যেতে বলেন। কিন্তু তা আমলে নেননি উজ্জ্বল। এ জুটি কয়েক মাস আগে গোপনে বিয়ে করেন। জানতে পেরে শাহজাহান মিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন।
গতকাল বেলা ১১টার দিকে উজ্জ্বল ছয়ঘরিয়া রতনপুর গ্রামের পাশের ধর্মপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজারের অদূরে শাহজাহান মিয়া ও তাঁর লোকজন উজ্জ্বলের পথরোধ করেন। তাঁরা প্রকাশ্যে উজ্জ্বলকে ছুরিকাঘাত করেন এবং গলা কেটে ফেলেন। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যান।
দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বেলা সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে শাহজাহান মিয়ার ঘরবাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।