ভাষানটেকে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেকে সালমা খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার সকাল আটটার দিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ভাষানটেক থানার পুলিশ জানায়, সালমা খাতুন তাঁর স্বামী সিএনজিচালিত অটোরিকশাচালক মিলন হোসেনের সঙ্গে ২১ ভাষানটেকে থাকতেন। সালমার ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মর্গে সালমার ভাই আবিদ হোসেন অভিযোগ করেন, সালমাকে শ্বাসরোধে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন তাঁর স্বামী মাদকাসক্ত মিলন। তিনি বলেন, ১০ মাস আগে মিলনের সঙ্গে সালমার বিয়ে হয়। যৌতুক হিসেবে আসবাবপত্র ও মালামাল দেওয়া হয়। কিন্তু কিছুদিন না যেতেই আরও যৌতুকের জন্য নেশাগ্রস্ত অবস্থায় মিলন সালমাকে মারধর করতেন।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাতে সালমা ও তাঁর স্বামী একই ঘরে ঘুমান। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় সালমা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মিলনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ জানায়, সালমা ভাষানটেকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) আয়া ছিলেন। সালমা প্রতিদিন সকালে তাঁর বাসার কাছে তাঁর মা-বাবার বাসায় গিয়ে নাশতা করে কর্মস্থলে যেতেন। গতকাল তিনি নাশতা খেতে না যাওয়ায় তাঁর মা আবেদা খাতুন মেয়ের বাসায় গিয়ে দরজায় টোকা দেন। তখন মিলন দরজা খুলে দিলে তিনি সালমাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় সালমার স্বজনেরা হত্যার অভিযোগ এনে মিলনকে পুলিশের কাছে তুলে দেন।
সালমার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলদি বাগবাড়ায়।
আরেক গৃহবধূর লাশ উদ্ধার: এদিকে গতকাল সকালে পুলিশ দারুসসালাম থানার বর্ধনবাড়ির একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ জোহরা খাতুনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করে। জোহরা স্বামী আছর আলীর সঙ্গে ওই বাসায় থাকতেন।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভাব-অনটনে জোহরা আত্মহত্যা করেছেন।