ভাষানটেকে তরুণ লীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেকে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে ধামালকোট বস্তির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, আবুল হোসেন ঢাকা মহানগর উত্তর তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী উজ্জ্বল মিয়া বলেন, বিকেলে বস্তির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবুল হোসেন। পেছন থেকে সাত-আটজন মিলে হঠাৎ তাঁকে আক্রমণ করেন। দা দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত তাঁরা চলে যান। পরে গুরুতর অবস্থায় আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আবুল হোসেন ধামালকোট বস্তিতেই থাকেন।
চিকিৎসক জানিয়েছেন, আহত আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর পিঠে, পেটে ও বুকে আটটি জখম রয়েছে।
ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আলী বলেন, গতকাল রাত ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।