ভাষানটেকে প্রবাসীকে কুপিয়ে হত্যা
ইফতারে পরপর সাত-আটজন যুবক বাসায় ঢুকলেন ‘সুমন’কে খোঁজার ছলে। এরপর হাত-পা-চোখ-মুখ বেঁধে একটি ঘরে ফেলে রাখলেন বাসায় থাকা ছয়জনকে। কয়েক মিনিট পরে যুক্তরাষ্ট্রপ্রবাসী গৃহকর্তা বাইরে থেকে বাসায় ফিরলে তাঁকে কুপিয়ে-পিটিয়ে ফেলে রাখলেন যুবকেরা। প্রায় আধা ঘণ্টা বাসার ভেতরে তাণ্ডব চালিয়ে নিঃশব্দে বেরিয়ে গেলেন তাঁরা। এরপর গৃহকর্তার চিকিৎসক মেয়ে পরীক্ষা করে দেখলেন, রক্তাক্ত বাবার হৃৎস্পন্দন থেমে গেছে।
গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে রাজধানীর ভাষানটেকে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত গৃহকর্তা মনসুর রহমান (৫৯) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রংক্সে হলুদ ট্যাক্সি চালাতেন। পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ডিপ্লোমা প্রকৌশলী মনসুর রহমান। তাঁর চিকিৎসক বড় মেয়ে স্বামীর সঙ্গে ভাষানটেকের ওই বাড়িতে থাকতেন। গত ১৫ জুন বড় মেয়ে আর নাতিকে দেখতে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে দেশে ফেরেন তিনি।
গতকাল রাতে ভাষানটেক (এমপি চেকপোস্ট পকেট গেট এলাকা) এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে রাখা হয়েছে মনসুর রহমানের লাশ। রক্তাক্ত শরীরে অনেকগুলো কোপের চিহ্ন। একটু দূরেই সরু গলির ভেতরে বাসার প্রবেশপথ। পাঁচতলা বাড়িটির মালিক মনসুর রহমান নিজে। চতুর্থ তলায় তাঁর মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা থাকেন।
মনসুর রহমানের স্ত্রী সুফিয়া রহমান বলেন, ইফতারের পরপর হাতল ঘুরিয়ে কয়েকজন যুবক বাসায় ঢুকে বলে, ‘এখানে কি সুমন আছে’। নেই বলার পরে যুবকেরা বলেন, তাঁরা সুমনের খোঁজে বাসা তল্লাশি করবেন। বলতে বলতেই সাত-আটজন ঢুকে পড়েন। এরপর তাঁদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ও কয়েকজনের হাতে চাপাতি দেখা দেয়। যুবকেরা বাসায় থাকা সুফিয়া রহমান, তাঁর দুই মেয়ে, জামাতা, পাঁচ বছরের নাতি ও মাকে (মনসুরের শ্বাশুড়ি) হাত-পা-মুখ-চোখ বেঁধে একটি ঘরে ফেলে রাখেন। চাপাতি দিয়ে ওড়না কেটে হাত-পা-মুখ-চোখ বাঁধা হয়। মুখ বাঁধার আগে মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। এ সময় বাইরে থেকে বাসায় ঢোকেন মনসুর রহমান। ঢোকামাত্র তাঁকে জিম্মি করে ফেলেন দুর্বৃত্তরা। এরপর তাঁকেও একই ঘরে নেওয়া হয়।
কেঁদে ফেলে সুফিয়া রহমান বলেন, ‘উনি বারবার বলছিলেন “তোমাদের যা লাগে নাও, মাইরো না। আমাকে একটু পানি দাও।” আমরা শুধু শুনছি। কিছুই দেখছি না। ওরা (ডাকাতেরা) তাঁকে মারছে, কোপাচ্ছে। উনি গোঙাচ্ছেন। ওনার হাত-পা ছোড়ার শব্দও পাচ্ছি। উনি পানি খেতে চাইছেন।’ কান্নায় বাকরুদ্ধ হয়ে যান সুফিয়া, ‘উনি দেশে আসতে চাননি। আমি বললাম অনেক দিন মেয়েটাকে দেখি না। জোর করে টিকিট কাটালাম।’
সুফিয়া জানান, ডাকাতেরা ঘর থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, দেড় লাখ নগদ টাকা, চার শ মার্কিন ডলার, একটি ল্যাপটপ, একটি আইপ্যাড ও দুটি মুঠোফোন নিয়ে গেছে। ভাষানটেক থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ইফতারের পরপর এ ঘটনা ঘটে।