ভাসানটেকে ভূমি জরিপকারী গুলিবিদ্ধ
ভাসানটেকে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জরিপকারী (সার্ভেয়ার) শহীদুল ইসলাম (৪৫)। গতকাল রোববার সকালে অফিসে যাওয়ার সময় নিজের গাড়িতে ওঠার পরপরই মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী এই সরকারি কর্মচারীকে গুলি করে।
শহীদুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর গলায় একটি গুলি লেগেছে।
গাড়িচালক কবীর হোসেন বলেন, গতকাল সকাল পৌনে নয়টার দিকে শহীদুল ভাসানটেকের পূর্ব বাগানবাড়ির বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য গাড়িতে ওঠার সময় একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তি গাড়ির সামনে দাঁড়ায়। আগ্নেয়াস্ত্র বের করে ওই মোটরসাইকেল আরোহী একটি গুলি করেই পালিয়ে যায়। গুলিটি শহীদুলের গলায় লাগে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
শহীদুল ইসলামের ছেলে শেখ সাইমুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করেন। ইব্রাহিম নামে এক সন্ত্রাসী বেশ কিছুদিন ধরে শহীদুলকে হুমকি দিচ্ছে। তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে যে জমি নিয়ে তিনি ‘ডিল’ করছেন, সেটা যেন না করেন।
ভাসানটেক ওসি নজরুল ইসলাম বলেন, হয়তো জমিজমাসংক্রান্ত বিরোধ থাকতে পারে। তবে ওনার স্বজনেরা পুলিশকে যে সন্ত্রাসী ইব্রাহিমের কথা বলছে, সেই ইব্রাহিম বহুদিন ধরেই বিদেশে পালিয়ে আছে। হয়তো তার পক্ষের কেউ এটা করতে পারে। তবে স্বজনদের সঙ্গে এ বিষয়ে পুলিশের বিস্তারিত কথা হয়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।