ভাসানী বিশ্ববিদালয়ে ছাত্রহত্যায় একজন গ্রেপ্তার
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ এস কে মোশারফ হোসেন হত্যা মামলার আসামি ওমর ফারুককে গোয়েন্দা পুলিশ আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোয়েব খান প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওমর ফারুককে আজ দুপুরে জামালপুরের সরিষাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফুলডারা গ্রামে। তাঁকে জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
১৩ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রতিপক্ষের হামলায় অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মোশারফ নিহত হন। ঘটনার তিন দিন পর তাঁর বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা করেন। ওই মামলায় ওমর ফারুক চার নম্বর আসামি ছিলেন।