ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যায় মামলা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় নিহত শিক্ষার্থী এ এস কে মোশারফ হোসেনের বাবা বাদী হয়ে আজ শনিবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেছেন।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহত মোশারফের বাবা মামলায় ১৪ জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাত আরও অনেকে জড়িত বলে অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়া নয়জন শিক্ষার্থীর নাম এজাহারে রয়েছে। মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বুধবার প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মোশারফ নিহত হন। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি দাবি করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
পরের দিন বৃহস্পতিবার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের (সিন্ডিকেট) সভায়।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মনিরুল ইসলাম, অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সাঈদুর রহমান, রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের এস এম রবিউল হাসান, পরিবেশবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ওমর ফারুক, টেক্সটাইল প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. ওমর ফারুক, একই বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মোহাইমিনুল কায়উম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের আশিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের এম এ আহাদ খান এবং একই বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের বাবু কিশোর দে।