ভাস্কর্য তছনছে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পাঁচ শতাধিক ভাস্কর্য তছনছের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ। তবে উপাচার্য, সহ-উপাচার্যের পদ শূন্য থাকায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলছে প্রশাসন।

গত সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সামনে খোলা জায়গায় রাখা পাঁচ শতাধিক ভাস্কর্য লন্ডভন্ড করে রাখার ঘটনা ঘটে। বিভাগের দুই শিক্ষার্থী এই ভাস্কর্য তছনছের দায় স্বীকার করেন। তাঁদের ভাষ্য, চারদিকে নোংরা ও ঝোপঝাড়ের মধ্যে ভাস্কর্যগুলো পড়ে নষ্ট হচ্ছিল। অপর্যাপ্ত নিরাপত্তা ও একাডেমিক বিশৃঙ্খলার প্রতিবাদে ৩০-৪০ জন শিক্ষার্থী মিলে তাঁরা ভাস্কর্যগুলো উল্টিয়ে রেখে যান।

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার বলেন, ‘আমরা এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর এবং অনুষদের ডিনের কাছে চিঠি দিয়েছি। উদ্ভূত পরিস্থিতির জন্য যারা জড়িত, তদন্ত করে তাদের সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আমরা ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আমাদের যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, সেটিও আমরা নেব।’

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আবেদনের একটি অনুলিপি আমি পেয়েছি। এ ঘটনায় অনুষদের কিছু করার থাকলে অনুষদের পক্ষ থেকে সেটি করা হবে।’

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, চারুকলায় ভাস্কর্য তছনছের ঘটনা ক্যাম্পাসে সমালোচনার জন্ম দিলেও গতকাল বুধবার এ নিয়ে ক্যাম্পাসে কোনো কর্মসূচি ছিল না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির বিষয়ে লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই। এ ঘটনায় ব্যবস্থা নিতে গেলে তদন্ত কমিটি করতে হবে। আর উপাচার্য, সহ-উপাচার্য না থাকলে সেই সিদ্ধান্ত কেউ নিতে পারে না।’

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ২০ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের পদ দুটি শূন্য রয়েছে।