ভাস্কর্যটি ভাঙল কারা?

বগুড়া শহরের প্রবেশদ্বার বনানী গোলচত্বরের ‘বিজয় ভাস্কর্য’ এখন ভেঙে পড়ে আছে। মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন বলছেন, এটা স্বাধীনতাবিরোধী চক্রের পরিকল্পিত নাশকতা। তবে পুলিশ বলছে, নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় ভাস্কর্যটি ভাঙতে পারে।
রণাঙ্গনে যুদ্ধ শেষে বিজয়-সন্ধিক্ষণে কাঁধে রাইফেল নিয়ে একজন মুক্তিযোদ্ধা ডান হাত দিয়ে শান্তির পায়রা উড়িয়ে দিচ্ছেন, এমন দৃশ্যের এ ভাস্কর্য রড-সিমেন্ট-বালু দিয়ে তৈরি। প্রায় নয় ফুট উঁচু এ মুক্তিযুদ্ধের স্মারক ১৯৯১ সালে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় স্থাপন করেছিল জেলা মুক্তিযোদ্ধা সংসদ। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সেটি সরিয়ে সাড়ে তিন কিলোমিটার দূরে বনানী গোলচত্বরের পর্যটন মোটেলের সামনে স্থাপন করা হয়।
বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বাধীনতাবিরোধী চক্র ভাস্কর্যটির একটি হাত ভেঙে ফেলে। পরে সংসদ সেটি মেরামত করে। ওই চক্রই ভাস্কর্যটি গুঁড়িয়ে দিয়েছে। ট্রাক দুর্ঘটনা হলে ভাস্কর্যের বেদিতে ক্ষতচিহ্ন থাকত। তা ছাড়া পর্যটন মোটেলের সামনে জনবহুল এলাকা। দুর্ঘটনায় ভাঙলে তা এলাকাবাসীর নজরে পড়ত। এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার।
গতকাল বৃহস্পতিবার সকালে বনানী গোলচত্বরে গিয়ে দেখা যায়, ভাস্কর্যটি পা বরাবর ভেঙে সামনের দিকে হেলে পড়ে আছে। ভাঙা অংশের একটি রড কাটা। বাকিগুলো মচকে গেছে। ভাস্কর্যের মাথা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আছে। বেদিতে ভাঙার কোনো চিহ্ন নেই। তবে বেদিসংলগ্ন স্থানে একটি ছোট তাজা খেজুরগাছ দুমড়েমুচড়ে রয়েছে। সেখানে চিহ্ন রয়েছে যানবাহনের চাকার।
>* মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন বলছেন, স্বাধীনতাবিরোধী চক্রের কাজ * পুলিশ বলছে, নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় ভাঙতে পারে
এলাকাবাসী বলছেন, অবস্থা দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। গণ্ডগ্রাম এলাকার বাসিন্দা পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য নজরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সকাল-বিকেল বনানী মোড়ে চা খেতে আসি। ভাস্কর্যটির দিকে নজর পড়লেই চোখের সামনে একাত্তরের দৃশ্যপট ভেসে উঠত। বুধবার সকালে ভাঙা ভাস্কর্যটি নজরে আসতেই খুব কষ্ট পেয়েছি। মনে হচ্ছে, গুলিবিদ্ধ একজন মুক্তিযোদ্ধার মতো ভাস্কর্যটি আহত হয়ে উপুড় হয়ে পড়ে আছে।’
বেজোড়া গ্রামের রিকশাচালক আকরাম হোসেন বলেন, ‘সকাল-সন্ধ্যা এই পথে রিকশা চালাই। প্রতিদিনই ভাস্কর্যটি চোখে পড়ে। দুদিন হলো দেখছি ভাস্কর্যটি ভাঙা।’ গোলচত্বর মোড়ের চা-দোকানি বাবলু মিয়া বলেন, ‘সম্ভবত মঙ্গলবার রাতে ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে।’
পর্যটন মোটেলের কর্মচারী আবদুল কাফি বলেন, ‘দুদিন আগে ভোরে গোলচত্বরে ভাস্কর্যের বেদির কাছে একটি ট্রাক পড়ে থাকতে দেখেছি। তবে সেটার ধাক্কায় ভাস্কর্যটি ভেঙেছে কি না জানি না।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের বগুড়া শাখার সভাপতি তৌফিক হাসান বলেন, দুর্ঘটনায় ভাস্কর্যটি ভেঙেছে বলে মনে হয় না। মৌলবাদী গোষ্ঠী আগেও এটি ভেঙে ফেলার চেষ্টা করেছে। সেই কারণে এবারও তাদের প্রতি সন্দেহ হচ্ছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের অধিনায়ক রুহুল আমিন বলেন, ভাস্কর্যটি ভেঙে পড়ার কারণ যা-ই হোক না কেন, আগে তা সংস্কার করে যথাযথভাবে প্রতিস্থাপন করা প্রয়োজন। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ভাস্কর্যটি কারা ভেঙেছে বা কীভাবে ভেঙেছে, সেটা প্রশাসনকে খুঁজে বের করতে হবে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, ভাস্কর্যটি অনেক পুরোনো। সংস্কারও করা হয়নি। এক সপ্তাহ আগের বৃষ্টিতে অথবা কোনো ট্রাকের ধাক্কায় ভাস্কর্যটি ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানার পর বৃহস্পতিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেদিতে ধাক্কা দেওয়ায় ভাস্কর্যটি ভেঙে গেছে বলে আলামত দেখে মনে হয়েছে। তবে কখন কীভাবে এ ঘটনা ঘটেছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি।