ভাস্কর্যের সৌন্দর্য নষ্টের অজুহাতে অনুষ্ঠানে বাধা!
বরিশাল নগরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয় বিহঙ্গ’-এর সৌন্দর্য নষ্ট হওয়ার অজুহাতে বিজয় দিবস ও বরিশাল মুক্ত দিবসের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিজয় বিহঙ্গে তালা মেরে দেওয়া হয়। পরে অবশ্য সংস্কৃতিকর্মীদের প্রতিবাদের মুখে তালা খুলে দেন কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। দিবসটি পালন উপলক্ষে বিকেলে নগরের আমতলা মোড়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় বিহঙ্গ-এর পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করে উদীচী, বরিশাল নাটক ও বন্ধুসভা। বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরুর আগে মো. শহীদুল ইসলাম নামে বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তা এসে অনুষ্ঠান করতে বাধা দেন। তিনি বিজয় বিহঙ্গের সৌন্দর্য নষ্ট হওয়ার অজুহাত তুলে মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সৌন্দর্য রক্ষার দায়িত্বে থাকা কাউন্সিলর আক্তারুজ্জামানের দোহাই দিয়ে বিজয় বিহঙ্গ এলাকায় অনুষ্ঠান না করার জন্য বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মঞ্চের তালা খুলে দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে সেক্টর কমান্ডার ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী, বরিশাল নাটক, বন্ধুসভা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
যোগাযোগ করলে মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘ওখানে অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়েছে এটা দুঃখজনক। করপোরেশনের পক্ষ থেকে এ রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যিনি আমাদের দোহাই দিয়েছেন, তিনি সঠিক করেননি। এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ কাউন্সিলর আক্তারুজ্জামান বলেন, ‘আমরা অনুষ্ঠানে বাধা দেওয়ার কথা বলিনি।’