ভাড়া দিচ্ছেন না ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ড্রেজার। ছবি: সংগৃহীত
খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ড্রেজার। ছবি: সংগৃহীত

খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছ থেকে দুটি খননযন্ত্র (ড্রেজার) ২০১৬ সালের অক্টোবরে ভাড়া নেয় মেসার্স হাওলাদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে এর ভাড়া শোধ করা হয়নি। ভাড়ার মেয়াদ শেষ হলেও যন্ত্র দুটি ফেরত দেওয়া হচ্ছে না।

চুক্তিপত্র অনুযায়ী, অন্যান্য যন্ত্রপাতি ও ভ্যাট-করসহ বড় যন্ত্রটির বার্ষিক ভাড়া ২ কোটি ৮৯ লাখ ৮২ হাজার টাকা। আর ছোটটির ভাড়া ৭৯ লাখ ২৮ হাজার টাকা। যন্ত্র দুটির বাজারমূল্য ৪০ কোটি টাকারও বেশি।

 ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগেরসভাপতি মেহেদী হাসান। এটি পরিচালনা করেন মেহেদীর বাবা মুজিবর রহমান হাওলাদার। তিনি কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানতে চাইলে গত শনিবার মেহেদী হাসান বলেন, যন্ত্র দুটি নষ্ট অবস্থায় খুলনা ড্রেজার বিভাগ থেকে নিয়েছিলেন। এগুলোর একটি এখন কিছুটা সচল হলেও আরেকটি এখনো চালু হয়নি। এ বিষয়ে তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

খুলনা পাউবো সূত্রে জানা যায়, মেসার্স হাওলাদার কনস্ট্রাকশনের মালিক মেহেদী হাসান ২০১৬ সালের অক্টোবরে পাউবোর মহাপরিচালক বরাবর খননযন্ত্র দুটি ভাড়া নেওয়ার আবেদন করেন। তাতে যন্ত্র দুটি নিজের অর্থায়নে সচল করে নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। আবেদনের পর চুক্তিপত্র ছাড়াই ৩০ অক্টোবর ড্রেজার পরিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম নুরুল ইসলাম সব মালামালসহ যন্ত্র দুটি হাওলাদার কনস্ট্রাকশনকে হস্তান্তরের নির্দেশ দেন। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটি যন্ত্র দুটি নিয়ে যায়। কয়েকবার তাগাদা দেওয়ার পরও চুক্তি না করায় গত বছরের জুনে প্রতিষ্ঠানটিকে চিঠি ও ভাড়া পরিশোধের জন্য চিঠি দেওয়া হয়। এরপর আগস্টে চুক্তি করা হলেও ভাড়া শোধ করা হয়নি।

চুক্তিপত্রে বলা হয়, বড় খননযন্ত্রটির ভাড়া ও কর বাবদ বার্ষিক ভাড়ার ২৫ শতাংশ অর্থাৎ ৬৯ লাখ ৯৫ হাজার টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। ছোটটির ২৫ শতাংশ ১৯ লাখ ৮২ হাজার টাকা শোধ করতে হবে। বাকি টাকা প্রতি তিন মাস পরপর শোধ করার কথা।

পাউবোর কয়েকজন কর্মকর্তা বলেন, চুক্তির সময় অগ্রিম ৮৯ লাখ ৭৭ হাজার টাকার স্থলে শুধু ৫০ লাখ টাকা নেওয়া হয়। এরপর থেকে আর কোনো টাকা পরিশোধ করা হয়নি।

জানতে চাইলে প্রতিষ্ঠানটি পরিচালনাকারী মুজিবর রহমান বলেন, ড্রেজার দুটি মেরামত না হওয়ায় চুক্তি করতে কিছুটা দেরি হয়েছে। এতে তাঁদের প্রায় তিন কোটি টাকা খরচ হয়েছে। এতেই তাঁদের পাগল হওয়ার মতো অবস্থা হয়েছে। এ কারণে ভাড়া পরিশোধ করতে পারছেন না।

পাউবোর ড্রেজার বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. গোলাম নবী বলেন, চুক্তিপত্রে কাজের তফসিল অনুযায়ী, যন্ত্র দুটি নিয়ে যাওয়ার পর থেকে এক বছর পর্যন্ত ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হয়। সে হিসাবে ২০১৭ সালের নভেম্বরে এ মেয়াদ শেষ হয়ে গেছে। বিষয়টি প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হচ্ছে। তাঁদের যে নির্দেশনা আসে, তাঁরা শুধু সেটিই করেন।

জানতে চাইলে ড্রেজার বিভাগের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুস সালাম খান প্রথম আলোকে বলেন, হাওলাদার কনস্ট্রাকশনকে খননযন্ত্র দুটি মেরামতের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে মেরামত না হলে তারা যন্ত্র দুটি ফেরত দিতে পারত, কিন্তু তারা তা করেনি। তাই দেরিতে হলেও একপ্রকার জোর করে চুক্তিপত্র করা হয়েছে। যদি প্রতিষ্ঠানটি ভাড়া না দেয়, তাহলে অগ্রিম হিসাবে যে টাকা রাখা আছে, তা থেকে ভাড়া কেটে রাখা হবে।