বাসাটি সিলেট নগরের টিলাগড়ের পূর্ব শাপলাবাগ এলাকায়। বাসা ভাড়া নিয়ে একসঙ্গে চার মাসের বকেয়া জমা হয়। এই টাকা চাওয়ায় উল্টো চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দেওয়ায় বাসার ফটকে তালাও ঝুলিয়ে দিয়েছিল ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি পক্ষ।
এ ঘটনায় মামলা হলে গতকাল মঙ্গলবার দুপুরে সেই বাসার তালা ভেঙে মালিকপক্ষকে বুঝিয়ে দিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত জেলা ছাত্রলীগের এক নেতার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা-পুলিশ জানায়, পূর্ব শাপলাবাগে (বাসা নম্বর ১৮) তিন তলাবিশিষ্ট বাসার দ্বিতীয় তলায় কলেজছাত্র পরিচয় দিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি হোসাইন আহমদ গত এপ্রিল মাসে ভাড়া নেন। বাসায় তাঁর এক ভাইসহ ছাত্রলীগের আরও তিন কর্মী থাকতেন। মাসিক নয় হাজার টাকা ভাড়া নির্ধারণ করা ছিল। কিন্তু শুরু থেকেই মাসের ভাড়া না দিয়ে বাসার তত্ত্বাবধায়ককে উল্টো শাসাচ্ছিলেন ভাড়াটেরা। গত সোমবার চার মাসের বকেয়া একসঙ্গে পরিশোধ করতে বাসার তত্ত্বাবধায়ক তাগাদা দিলে হোসাইন আহমদ দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা না দেওয়ায় রাতে বাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তিনি।
এ ঘটনায় রাতে তত্ত্বাবধায়ক হারুনুর রশিদ বাদী হয়ে শাহ পরান থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। গতকাল দুপুরে পুলিশের সহায়তায় বাসার ফটকের তালা খোলা হয়েছে বলে জানিয়েছেন শাহ পরান থানার ওসি সাখাওয়াত হোসেন।